প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 10, 2025 ইং
সাতকানিয়ায় কথা কাটাকাটির জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের সাতকানিয়ায় কথা কাটাকাটির জের ধরে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন হয়েছেন। নিহতের ব্যক্তির নাম মোঃ আহমদ হোসেন (৫২)। গত রবিবার রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর কাঞ্চনার নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনাটি এলাকায় জানাজানি হয় গতকাল সোমবার সন্ধ্যার দিকে।
নিহত মোঃ আহমদ হোসেন উত্তর কাঞ্চনার নয়াপাড়ার গ্রাম ডাক্তার মোঃ ইউসুফের বাড়ির জলিল বক্সের ছেলে।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, উপজেলার উত্তর কাঞ্চনা নয়াপাড়ার গ্রাম ডাক্তার ইউসুফের বাড়ির আহমদ হোসেন ও তার ছেলে রিয়াদ হোসেনের মধ্যে বেশ কিছু দিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য চলে আসছিল। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকবার কথা কাটাকাটির ঘটনা ঘটে। গত রবিবার রাতেও বাবা আর ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ছেলে রিয়াদ হোসেন বাবাকে ছুরিকাঘাত করেন। এতে বাবা আহমদ হোসেন গুরুতর আহত হন। পরে প্রতিবেশী কয়েকজন আহত আহমদ হোসেনকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী ও সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাউছার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাউছার হোসেন বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লাশ উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পরপর ছেলে রিয়াদ পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট